ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখন পর্যন্ত দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারের দ্রুত পদক্ষেপের ফলে টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ১২২ শতাংশে পৌঁছেছে। সোমবার (২৫ মে) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।


মন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণে দেশে হামের টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে। মন্ত্রী বলেন, ‘প্রথম ধাপে যে ১৮টি উপজেলায় টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছিল, সেখানে সংক্রমণের হার এখন প্রায় শূন্যের কোঠায়।’


হামের টিকা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দুই কোটির বেশি শিশুকে ভ্যাকসিন দেওয়ার পরও আমরা বসে নেই। দেশের সব মেডিকেল সেন্টারকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো শিশু টিকা থেকে বাদ না পড়ে। পরিসংখ্যানের চেয়েও প্রতিটি শিশুর কাছে পৌঁছানো আমাদের লক্ষ্য।’


হাসপাতালের অবকাঠামো উন্নয়ন ও সেবার মান নিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ১০টি জেলায় শিশু ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটরসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হবে। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় শিশুদের জন্য আইসিইউ সেবা চালু করা হবে।


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনা সংক্রান্ত প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে। প্রতিটি উপজেলায় শয্যা সংখ্যা বাড়ানো হবে এবং চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হবে।


এর আগে মন্ত্রী কুমিল্লার জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ এবং লেবার ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের খাবারের মান পরীক্ষা করেন।


এ সময় মন্ত্রীর সঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম ও জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page